প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৯: ১৮ জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে যোগ দিয়েই সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছেন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই দিন পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি। যদি দেখি বর্তমান শাসকগোষ্ঠী আবার একইভাবে ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়, তবে আমরা আবার রাজপথে নেমে আসবো। আপনাদের পতন ঘটাতে আমরা বেশি সময় নেবে না।
শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। যোগদান অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদসহ শীর্ষ নেতারা তাকে হাতে ফুল দিয়ে বরণ করে নেন।
ইসহাক সরকার বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও গণবিপ্লবের মধ্য দিয়ে যাদের আমরা দেখেছি- এই ফ্যাসিবাদের পতন ঘটাতে অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক জীবনের মূল্যের বিনিময়ে ৩৬ জুলাই একটি ঐতিহাসিক গণবিপ্লব অনুষ্ঠিত হয়েছিল।














































































