জবানবন্দিতে এসআই সুকদেবের বিবৃতি, গুলি খারিজ দেখানোর অভিযোগ

জবানবন্দিতে এসআই সুকদেবের বিবৃতি, গুলি খারিজ দেখানোর অভিযোগ

জুলাই গণ–অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী থানায় বিভিন্ন ইউনিট থেকে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরবরাহ করা গুলি অন্যদের নামে খারিজ দেখানো হয়েছে বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন ওই থানার তৎকালীন পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকদেব কুমার বিশ্বাস।

তিনি বলেন, এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান তাঁকে ধমক দিয়ে বলেছিলেন, ঢাকা মহানগর পুলিশের তৎকালীন কমিশনার হাবিবুর রহমান ও তৎকালীন ডিসি ইকবালের নির্দেশে তাঁদের নামে গুলি খারিজ দেখানো হচ্ছে।

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় শহীদ ইমাম হাসান তাইমকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫তম সাক্ষী হিসেবে আজ রোববার জবানবন্দিতে এসআই সুকদেব কুমার এ কথা বলেন।

এই মামলায় মোট ১১ জন আসামি। তাঁদের মধ্যে ৯ জন পলাতক। তাঁরা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মো. ইকবাল হোসাইন, ডেমরা অঞ্চলের সাবেক উপকমিশনার মো. মাসুদুর রহমান, ওয়ারী অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার এস এম শামীম, সাবেক সহকারী কমিশনার নাহিদ ফেরদৌস, সাবেক পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসাইন, সাবেক পরিদর্শক (অপারেশন) মো. ওহিদুল হক ও সাবেক এসআই সাজ্জাদ উজ জামান।

কারাগারে থাকা দুই আসামি হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ও সাবেক এসআই মো. শাহদাত আলী। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।