জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলন চলমান রয়েছে। প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নারী শিক্ষার্থীরা। প্রক্টর অফিসের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দিয়েছেন তারা। শুক্রবার রাত ২টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।
সকাল ৯টা পর্যন্ত অবস্থানের পর তারা প্রেস ব্রিফিংয়ে জানান, গত ১৩ মে আমরা ৬ দফা দাবি উত্থাপন করে অপরাধীকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে এবং ভুল ছবি প্রচার করে বিভ্রান্তি তৈরি করেছে।
প্রেস ব্রিফিংয়ের পর শিক্ষার্থীরা প্রক্টর অফিসের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন। তারা জানান, আগামীকাল থেকে রেজিস্ট্রার ভবনে সব প্রশাসনিক কার্যক্রম অবরোধ করা হবে।














































































