জামালপুরে গৃহবধূ ধর্ষণসহ পৃথক তিনটি মামলায় নয়জন আসামির বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত। এরমধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ মে রাতে শহরের হযরত শাহ জামাল (র.) মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে সদর থানায় বুলবুল আহমেদ, কালাম ওরফে মাক্কু এবং রুকুকে আসামি করে মামলা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ১০ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত বুলবুল আহমেদ, কালাম ওরফে মাক্কু এবং রুকুকে একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর ধারায় মৃত্যুদণ্ড দেন।














































































