উত্তর প্রদেশে কংগ্রেস জোট গঠনের পরিকল্পনা শুরু

উত্তর প্রদেশে কংগ্রেস জোট গঠনের পরিকল্পনা শুরু

ভারতের কেরলম (সাবেক কেরালা) রাজ্যে সরকার গঠনের পর কংগ্রেসের নজরে এখন উত্তর প্রদেশ। আগামী বছর দেশের এই বৃহত্তম রাজ্যের বিধানসভা নির্বাচন। কংগ্রেস চাইছে, দেরি না করে এখন থেকেই ভোট প্রস্তুতি শুরু করতে। রাজ্যস্তরের নেতাদের বলা হয়েছে, জয়ের সম্ভাবনা আছে এবং লড়াইয়ের শক্তি আছে, এমন ১০০–১২০টি আসন চিহ্নিত করতে। উত্তর প্রদেশ বিধানসভার ভোট আগামী বছর ফেব্রুয়ারি–মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এআইসিসিতে উত্তর প্রদেশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অবিনাশ পান্ডে সম্প্রতি রাজ্যের ৬ সম্পাদককে জানিয়েছেন, মোট ৪০৩ আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করে জমা দিতে। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ, কংগ্রেসের শক্তি আছে, সংগঠন আছে এবং লড়াইয়ের ক্ষমতা রয়েছে—এমন শ খানেক আসন চিহ্নিত করতে বলা হয়েছে, যাতে জোটবদ্ধ লড়াই করতে হলে ওই আসনগুলো দাবি করা যায়।

উত্তর প্রদেশে একার শক্তিতে বিজেপিকে হারানো কংগ্রেসের পক্ষে সম্ভবপর নয়। এই বাস্তবতা কংগ্রেস অস্বীকার করে না। শীর্ষ নেতারা চান, সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে বিজেপির মোকাবিলা করতে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।