পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন। এই শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন। শপথ অনুষ্ঠানে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় সভাপতি নিতিন নবীনসহ দলের কেন্দ্রীয় নেতাদের অনেকেই। সেই সঙ্গে ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
শপথ অনুষ্ঠানে সব বিধায়কেরা বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক ধুতি–পাঞ্জাবি পরে আসবেন। খাবারেও থাকছে বাঙালিয়ানা। থাকছে বাংলার ঐতিহ্যবাহী খাবারসহ ঝালমুড়িও।
শপথ অনুষ্ঠানে থাকার কথা রয়েছে সাংসদ ও নতুন বিধায়কদের। কলকাতা ও দেশের বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যের সব জেলা থেকে বিজেপির নেতা–কর্মীরা এরই মধ্যে কলকাতায় জড়ো হতে শুরু করেছেন।
ব্রিগেডের শপথ মঞ্চ ঘিরে নিরাপত্তার দায়িত্বে আছে প্রায় ৪ হাজার পুলিশ। আরও আছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীসহ কেন্দ্রের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও।














































































