পুলিশের ১১ ডিআইজি ও ২ অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

পুলিশের ১১ ডিআইজি ও ২ অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

পুলিশের ১১ জন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং দুজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)–এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। অবসরে পাঠানো ডিআইজিরা হলেন পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এ এফ এম মাসুম রব্বানী, রংপুর পিটিসির কমান্ড্যান্ট মহা. আশরাফুজ্জামান, অ্যান্টিটেররিজম ইউনিটে সংযুক্ত থাকা ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও মনিরুল ইসলাম, নৌ পুলিশে সংযুক্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজ, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান, এপিবিএন সদর দপ্তরে সংযুক্ত ডিআইজি মুনিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি আবু কালাম ছিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি আমিনুল ইসলাম এবং এপিবিএনের (পার্বত্য জেলাসমূহ) ডিআইজি সালমা বেগম।

আর অবসরে পাঠানো দুই অতিরিক্ত ডিআইজি হলেন রংপুর রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ইকবাল হোসেন এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।