পুলিশ সদস্যদের দীর্ঘদিনের কিছু দাবির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিল সরকার। অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ভাতা, অবসরকালীন অনারারি (সম্মানসূচক) পদোন্নতি এবং পুলিশ হাসপাতাল আধুনিকায়নের মতো একাধিক উদ্যোগের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে পূরণ করা হবে।
পুলিশ সদস্যদের আবাসনসংকট নিরসনে নতুন ভবন ও কার্যালয় নির্মাণের কথাও বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত দুই মাসে দৃশ্যমান উন্নতি হয়েছে। পরিস্থিতি আরও উন্নত করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে।














































































