ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে উপজেলার মিরের গট্টি গ্রামে হামলা চালিয়ে ২০-২৫টি বাড়ি ভাঙচুর, লুটপাট ও দুটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, গট্টি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে আড়য়াকান্দী গ্রামের বাসিন্দা ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরু মাতুব্বরের সঙ্গে বালিয়া গট্টি গ্রামের জাহিদ মাতুব্বরের বিরোধ চলে আসছে।
এলাকায় তাঁরা গ্রাম্য মোড়ল হিসেবে পরিচিত। সম্প্রতি উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজার, আড়য়াকান্দী ও মিরের গট্টি এলাকায় একের পর এক এই সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে।














































































