একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক-উপস্থাপক ফারজানা রুপার করা জামিন আবেদনের ওপর আদেশ পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই সপ্তাহ সময় মঞ্জুর করেন।
এর আগে ছয় মামলায় শাকিল আহমেদ এবং সাত মামলায় ফারজানা রুপা অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আলাদাভাবে ১৩টি জামিন আবেদন করেন। আবেদনের শুনানি নিয়ে ২১ এপ্রিল হাইকোর্ট আদেশের জন্য আজকের দিন রাখেন।
আদালতে শাকিল ও ফারজানার পক্ষে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল শুনানিতে ছিলেন।














































































