প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৮: ১৬ এআই জেনারেটেড ও সম্পাদিত (এডিটেড) স্ক্রিনশটকে কেন্দ্র করে যে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। ফটোকার্ডকে ঘিরে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে হত্যার হুমকি দেওয়া, তার আবাসিক কক্ষে গিয়ে খোঁজাখুঁজি করা এবং পরবর্তীতে শাহবাগ থানায় ভুক্তভোগীর জিডিকে কেন্দ্র করে ‘মব’ করা, এসব কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি ও নিন্দনীয়।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে রাজধানীর শাহবাগ থানা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাস এলাকায় গত রাতের সহিংসতা, হুমকি ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন।
তারা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ স্বেচ্ছায় আইনি আশ্রয় নিতে শাহবাগ থানায় গেলে তাকে দীর্ঘ সময় আটকে রাখা হলেও তার সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়নি; বরং হয়রানির করা হয়েছে। এটি নাগরিক অধিকার ও আইনের শাসনের পরিপন্থী।














































































