শাহ আলীর মাজার হামলার প্রতিবাদ ও সরকারের পদক্ষেপের আহ্বান

শাহ আলীর মাজার হামলার প্রতিবাদ ও সরকারের পদক্ষেপের আহ্বান

শাহ আলীর মাজারে হামলা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী। এ হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সহাবস্থান রক্ষায় জামায়াতসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আজ শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে। মাজারে হামলার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। এটা বরং সুপরিকল্পিতভাবে বিদ্বেষ ও হিংসা ছড়িয়ে করা হয়েছে, যাতে আবহমান বাঙালির উদারনৈতিক লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যময় চর্চার ক্ষেত্র, মাধ্যমসমূহ ধ্বংস হয়। আর এর মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তি বিকশিত হতে পারে। এটা দেশবাসীর জন্য অশনিসংকেত।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা ও জুলাই আন্দোলনের মূল চেতনার ধারক শক্তি হিসেবে বিপুল জনসমর্থনে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে বিএনপি। তাদের আমলে বহু সংস্কৃতি ও বহু ধর্মী বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য ও ধর্মীয় স্বাধীনতার প্রত্যাশা থাকবে। পাশাপাশি এ দেশের চিরায়ত সাংস্কৃতিক, আধ্যাত্মিক ও সামাজিক বৈচিত্র্যের সহাবস্থান পরিপন্থী ধ্বংসাত্মক অপতৎপরতা প্রতিরোধের দায়িত্বও তাদের।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।