তারিক সিদ্দিকের দুই সহযোগী আবার রিমান্ডে

তারিক সিদ্দিকের দুই সহযোগী আবার রিমান্ডে

রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের দুই সহযোগীকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন মো. মহিদুল ইসলাম (৪২) ও মো. চান মিয়া (৪৬)। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন তালুকদার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই মামলায় ১ মে থেকে আসামিরা মোট সাত দিন রিমান্ডে ছিলেন। এর আগে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাঁদের মোট ১২ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।