আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। একটি মামলার সাক্ষ্যগ্রহণের এক পর্যায়ে যথাযথভাবে নথিপত্র না পেয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার বলেন, ‘আপনারা এতজন প্রসিকিউটর কী করেন?’
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে করা একটি মামলায় আজ সোমবার একজন সাক্ষীর জবানবন্দি গ্রহণের সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান এ কথা বলেন।
মানবতাবিরোধী অপরাধের এ মামলার নবম সাক্ষী হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক আতিকুর রহমান আজকে জবানবন্দি দেন।














































































