যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা করেনি বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শুক্রবার বিকেলে রংপুরে সুধী সমাবেশে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যচুক্তির বিষয়ে জামায়াতসহ সব দল জানত; কিন্তু তারা কোনো বিরোধিতা করেনি বলে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা মন্তব্য করেছেন। এ বিষয়ে জামায়াতের অবস্থান কী জানতে চাইলে শফিকুর রহমান বলেন, ‘এই প্রশ্ন আগে এসেছে। আগে যখন এসেছিল, তখন আমি আমার নিজের একটা বক্তব্য দিয়েছি যে সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করেনি। এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয়টি নিয়ে একটা শব্দও করেনি, উচ্চারণ করেনি। এটাই হচ্ছে আমাদের পজিশন।’














































































