নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে একাধিক হত্যা মামলার পলাতক আসামি ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতারা সরকারি একটি সভায় অংশ নিয়েছেন। সভা শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফুল দিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন।
আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত মাসিক সমন্বয় সভায় অংশ নেন তাঁরা। এর আগে একই স্থানে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনওর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভা চলার সময় বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলার পলাতক ছয় আসামি (ইউপি চেয়ারম্যানরা) মিলনায়তনের নিচে ছিলেন। আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হলে তাঁরা মাসিক সমন্বয় সভায় অংশ নেন। সভায় অংশ নিতে ইউএনওর কার্যালয় থেকে তাঁদের চিঠি দেওয়া হয়েছিল বলে একটি সূত্রে জানা গেছে।














































































