বাবার চোখ অন্ধ করার ঘটনায় ছেলেকে ১২ বছরের কারাদণ্ড

বাবার চোখ অন্ধ করার ঘটনায় ছেলেকে ১২ বছরের কারাদণ্ড

রাজধানীর বাড্ডায় পারিবারিক বিরোধের জেরে গজালযুক্ত বাঁশ দিয়ে আঘাত করে বাবার চোখ নষ্ট করে দেওয়ার মামলায় ছেলে এমদাদুল হক বাদলকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি বাদলের স্ত্রী মোছা. রতনাকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন। রায়ের নথি অনুযায়ী, এমদাদুল হক বাদলের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৬ (গুরুতর জখম) ও ৫০৬ (ফৌজদারি ভীতি প্রদর্শন) ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দেন। তবে ৩০৭ ধারায় আনা হত্যাচেষ্টার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাঁকে এ ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাদলের স্ত্রী রতনার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ না থাকায় আদালত তাঁকে বেকসুর খালাস দেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।