মানিকগঞ্জ জেলা বিএনপির অধীন সাতটি উপজেলা ও দুটি পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ শনিবার সকালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ কমিটিগুলো বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেন। গতকাল শুক্রবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গোলাম কিবরিয়া সাঈদ বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এসব কমিটি গঠন করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ জেলার অধীন বিএনপির সাতটি উপজেলা ও দুটি পৌর শাখা আছে। উপজেলাগুলো হলো সদর, সাটুরিয়া, সিঙ্গাইর, হরিরামপুর, শিবালয়, দৌলতপুর ও ঘিওর। এ ছাড়া আছে মানিকগঞ্জ পৌর ও সিঙ্গাইর পৌর শাখা। বিলুপ্ত কমিটিগুলো ২০২১ সালে বা তারও আগে গঠিত হয়েছিল। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলা বিএনপির সাত সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে দলের কেন্দ্রীয় কমিটি। প্রায় চার মাস পর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে বর্ধিত করে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন কমিটি গঠনের পর এটিই প্রথম বড় সাংগঠনিক পদক্ষেপ।














































































