মানুষ বিপুল আশা নিয়ে নতুন সরকার ও সংসদ গঠনের দিকে তাকিয়ে ছিল, সংসদের প্রথম অধিবেশনেই সেই আশায় ভাটা পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকার জনগণের ভাষা ও আকাঙ্ক্ষা অনুধাবন না করে উল্টো জনমতের বিপরীতে অবস্থান নিয়েছে।
বিএনপি সরকারে আসার আগে জনগণের কাছে যে ওয়াদা করেছিল একে একে সেগুলো পদদলিত করে একদলীয় ফ্যাসিবাদের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তাঁর মতে, আওয়ামী ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় যে সংবিধান তৈরি হয়েছিল বিএনপি সেই সংবিধান রক্ষার জন্য উঠেপড়ে লেগেছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে ছাত্র-যুবকেরা জীবন দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা ছাড়তে ও দেশত্যাগে বাধ্য করেছিল। কিন্তু সেই ছাত্র-জনতার গণ–আকাঙ্ক্ষাকে ক্ষমতায় বসেই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বিএনপি।














































































