গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগের পর উত্তেজনা বেড়েছে। নতুন ডিজি নিয়োগের পরপরই প্রতিষ্ঠানের একাংশের বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা নতুন ডিজিকে 'ফ্যাসিবাদের দোসর' ও 'দুর্নীতিবাজ' আখ্যা দিয়ে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভে নেমেছেন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী সমিতির নির্বাচিত সহসভাপতি এ বি এম আনোয়ার উদ্দিন বলেন, প্রায় এক মাস ধরে ডিজির পদটি শূন্য ছিল। গতকাল রোববার যাঁকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি পূর্ববর্তী সরকারের আমলে সুবিধাভোগী ছিলেন এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ব্যক্তিগত কোনো বিরোধ না থাকলেও নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তির অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।














































































