কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেছেন, সরকার যখন ক্ষমতায় বসেছে, তখন তাদের জ্বালানির সংকট মোকাবিলা করতে হয়েছে। তবে পরবর্তী সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, সরকার জ্বালানি অপরাধীদের বিচারে সক্রিয় ভূমিকা নিচ্ছে না।
বর্তমান সরকারের সমালোচনা করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন এম শামসুল আলম অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে বিশেষ আইন ও বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) আইনের সংশোধনীর মাধ্যমে জ্বালানি খাতে অলিগার্ক বা অসাধু ব্যবসায়ীদের উত্থান ঘটে।
লুণ্ঠনকারী ও জ্বালানি অপরাধীদের বিচারের গেজেট কেন প্রকাশ হবে না—এমন প্রশ্ন তোলেন শামসুল আলম। বর্তমান সরকারকে তেল-গ্যাসের পাশাপাশি বিকল্প জ্বালানির উৎস নিশ্চিত করতে হবে বলেন তিনি।














































































