প্রথমবারের মতো শুল্ক-কর আদায়ের ঘাটতি এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেল। তাই চলতি অর্থবছরে রেকর্ড পরিমাণ ঘাটতির মুখে পড়ছে দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের রাজস্ব আদায়ের হালনাগাদ প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-এপ্রিল) শুল্ক-কর আদায়ে ঘাটতি ১ লাখ ৪ হাজার ৫৩৩ কোটি টাকা, যা যেকোনো সময়ের বিবেচনায় এ যাবৎকালের রেকর্ড ঘাটতি।
কয়েক বছর ধরেই অর্থনীতি চাপের মুখে আছে। ব্যবসা–বাণিজ্যে শ্লথগতি। ফলে রাজস্ব আদায়ের গতিও ভালো নয়। এমন অবস্থায় সরকার অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল দিচ্ছে, যা উদ্যোক্তারা ৭ শতাংশ সুদে এই ঋণ নিতে পারবেন, বাকি ৬ শতাংশ সুদ সরকার ভর্তুকি দেবে।
এমন প্রেক্ষাপটে এনবিআর রেকর্ড ঘাটতির মুখে পড়তে যাচ্ছে। রাজস্ব আদায় বাড়ানোই নতুন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এনবিআরের শুল্ক-কর আদায়ের লক্ষ্য ছিল ৪ লাখ ৩১ হাজার ৪৬১ কোটি টাকা। এ সময়ে এনবিআর আদায় করতে পেরেছে ৩ লাখ ২৬ হাজার ৯২৮ কোটি টাকা, ঘাটতি ১ লাখ কোটি টাকা ছাড়াল।














































































