নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দায়িত্ব গ্রহণের শুরুতেই বিতর্কের জন্ম দিয়েছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি আক্তার। মারামারি ও হত্যাচেষ্টা মামলার আসামি এবং আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোয় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
বুধবার সদর উপজেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। দীর্ঘদিন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য থাকায় নাগরিক সেবা পেতে চরম ভোগান্তিতে পড়ছিলেন সাধারণ মানুষ। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সম্প্রতি পিংকি আক্তারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
তবে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি এই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, পিংকি আক্তার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এ সময় তার সাথে ছিলেন ফতুল্লা থানায় ২০২৩ সালে দায়ের করা হত্যাচেষ্টা মামলার চার্জশিটভুক্ত আসামি রাসেল মেম্বার, আওয়ামী লীগ নেতা আমজাদ মেম্বার ও বিতর্কিত সিকান্দার মেম্বারসহ আরও কয়েকজন।














































































