বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশ দিয়েছে। সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে বাসভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে প্রচলিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না।
দেশের সব রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এই নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরো করা হয়, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহণ পরিচালনা ব্যয় অনেক বেড়েছে।
এ ছাড়া ডলারের দাম বেড়ে যাওয়ায় গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) খরচ এখন আকাশচুম্বী। এই পরিস্থিতিতে পরিবহণ খাতকে লোকসান থেকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবসম্মতভাবে ভাড়া সমন্বয় করার জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান ও জোর দাবি জানিয়েছে সমিতি।














































































