ভুয়া খবর ছড়ানো রোধে সরকার আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। জাহেদ উর রহমান বলেন, ভুয়া খবর ছড়ানো অপরাধ। তবে এটি যে অপরাধ, তা অনেকে বোঝেন না। এটি প্রতিরোধ খুব বেশি কঠিন না হলেও কোনো না কোনো আইনি ব্যবস্থা নিতে হবে। এ জন্য সরকার একধরনের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে।
গুজবের সঙ্গে বৈশ্বিক ডানপন্থী রাজনীতির একটি সম্পর্ক রয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা আরও বলেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় এ অঞ্চলে সংকট আরও গভীর। কারণ, এখানে মানুষের গণমাধ্যম–সংক্রান্ত জ্ঞান ও ডিজিটাল জ্ঞান তুলনামূলকভাবে কম।
গত ১৬ বছরে রাষ্ট্রের বিভিন্ন কাঠামো ও প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে, গণতান্ত্রিক মূল্যবোধও ক্ষতিগ্রস্ত হয়েছে—যার প্রভাব এখনো বিদ্যমান বলে উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।














































































