৪৪তম বিসিএস নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশের দুই মাস পেরিয়ে গেলেও নিয়োগের পরবর্তী দাপ্তরিক প্রক্রিয়া এখনো শেষ হয়নি। ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ফল প্রকাশিত হলেও ২ হাজার ৯৬৮ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর ফাইল এখনো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীরা এই দীর্ঘসূত্রতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, সুপারিশপ্রাপ্তদের তথ্যাদি যাচাই-বাছাইয়ের কার্যক্রম বর্তমানে চলমান। বিশেষ করে টেকনিক্যাল নন-ক্যাডার পদগুলোর যাচাই-বাছাইয়ে কিছুটা বাড়তি সময় লাগছে। তবে দ্রুততম সময়ের মধ্যে ফাইলগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।
এদিকে প্রার্থীরা জানান, সাধারণত ফল প্রকাশের ১৫ থেকে ৩৫ দিনের মধ্যে ফাইল পাঠানোর কাজ সম্পন্ন হওয়ার নজির থাকলেও এবার ৬৬ দিন পার হয়ে গেছে।














































































