যে জুলাই সনদে বিএনপি সই করেছে, সেটার বাস্তবায়ন শুরু করা দরকার বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
সভায় তাজুল ইসলাম বলেছেন, ‘আজকে জুলাই বিপ্লবের সুফল ভোগকারীরা যখন বলে রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, তখন লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। এটা রাষ্ট্রের সঙ্গে, বিপ্লবের সঙ্গে, জন–আকাঙ্ক্ষার সঙ্গে সুস্পষ্ট প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা বলে আমরা মনে করি।’
জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন, সরকারি দলের নেতারাও বলেছেন জুলাই সনদের প্রতিটি ধারা, যেগুলো তাঁরা স্বাক্ষর করেছেন, প্রতিটি ধারা বাস্তবায়ন করবেন। সেটা অবিলম্বে বাস্তবায়ন শুরু হওয়া দরকার। তা না হলে জনমনে সন্দেহ ও অবিশ্বাস তৈরি হচ্ছে। মানুষ হতাশায় ডুবে যাচ্ছে।’














































































