নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমির মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করেন। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ চারজনকে আটক করেছে।
পুলিশ জানায়, ওসমান গণির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর স্বজন ও সমর্থকেরা বৃহস্পতিবার সকালে আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
ওসমান গণির ভাতিজা জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব জুবায়ের হোসেন বলেন, চকের জমি থেকে মাটি কাটা নিয়ে তাঁর চাচা ওসমান গণির সঙ্গে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর এক লাখ টাকা চাঁদা চাওয়া নিয়ে বিরোধ ছিল।














































































