বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে আওয়ামী লীগ লাভবান হবে: মঞ্জু

বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে আওয়ামী লীগ লাভবান হবে: মঞ্জু

বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামী লীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ শুক্রবার চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এবি পার্টির এক সংগঠক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক গোলাম ফারুক। সমাবেশ সঞ্চালনা করেন মহানগর সদস্যসচিব সৈয়দ আবুল কাশেম। বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ১৯৯১ সালে জামায়াতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছিল। পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে বৈরী সম্পর্ক তৈরি হয় এবং একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। পরবর্তী সময়ে রাজনৈতিক বাস্তবতা ও আত্মপর্যালোচনার পরিপ্রেক্ষিতে ২০০১ সালে বিএনপি ও জামায়াত আবারও জোটবদ্ধ হয় এবং দীর্ঘ সময় ধরে ক্ষমতার অংশীদারত্ব ও রাজনৈতিক আন্দোলনে একে অপরের সহযোগী হিসেবে ভূমিকা পালন করে।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উভয় দল আবারও মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে। এই দূরত্ব যদি সংঘাতে রূপ নেয়, তবে তা স্বাভাবিকভাবেই পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে লাভবান করবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।