ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া হেলেন জেরিন খানের দাখিল করা হলফনামায় প্রায় ৬ কোটি টাকার সম্পদের তথ্য উঠে এসেছে। হেলেন জেরিন খান এর আগে ২০০৪ থেকে ২০০৬ মেয়াদে অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত সদস্য ছিলেন। এবার তাঁকে মাদারীপুর থেকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দলটি।
হলফনামা অনুযায়ী, ব্যাংক হিসাবে তাঁর জমা আছে ৬৮ লাখ ৩৪ হাজার ৪১৪ টাকা ৭৪ পয়সা আর শেয়ারবাজারে বিনিয়োগ আছে ২৬ লাখ ৭ হাজার ১০২ টাকার। পেশা হিসেবে সমাজসেবা ও রাজনীতি দেখানো হেলেন জেরিন খানের স্থায়ী আমানতের (এফডিআর) পরিমাণ ২ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৩২৬ টাকা। ডিপিএস আছে ৯৫ লাখ টাকার।
হলফনামায় তাঁর ব্যবহৃত একটি গাড়ির কোনো ধরন উল্লেখ না থাকলেও মূল্য দেখানো হয়েছে ১৪ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়া ৫০ ভরি সোনার কোনো মূল্য বা উৎস উল্লেখ করা হয়নি। ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্রের মূল্য যথাক্রমে ২ লাখ ২২ হাজার ও ২ লাখ ৩৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।














































































