জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও নিশ্চয়ই হ্যাঁ-তে ভোট দিয়েছেন। তিনি বলেছেন, আজকে সংসদে দাঁড়িয়ে নিজের ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি অমান্য করবেন? এটা তো অন্তহীন প্রতারণা।
জাতীয় কনভেনশনের সমাপনী পর্বে আলোচনায় অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোর পথে আজ প্রধান অন্তরায় হয়ে পড়েছেন সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে যাঁরা ক্ষমতায় বসেছেন তাঁরা।
বিএনপির উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, তারা বলছে, বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে, বিরোধী দলের ওপর ভূত চেপেছে...। জনগণ বুঝে ফেলেছে, ভূত বিরোধী দলের ওপর চাপেনি, সরকারের ঘাড়েই ভূত চেপেছে।














































































