ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম (৩০) নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আবদুল আওয়ালকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দুপুরে তাঁকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। বেলা পৌনে দুইটার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার আবদুল আওয়াল কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা। নিহত দ্বীন ইসলাম একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামের একটি পেজ পরিচালনা করতেন। মাদক সেবন, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করে তিনি এলাকায় পরিচিতি লাভ করেন।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কনটেন্ট ক্রিয়েটরকে হত্যার ঘটনায় মামলা হওয়ার পর থেকে ছায়া তদন্ত শুরু করে র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়। আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-১–এর যৌথ আভিযানিক দল গতকাল শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকার শেরেবাংলা নগর বালক উচ্চবিদ্যালয়ের সামনে অভিযান চালায়। অভিযানে দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আবদুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে ব্রাহ্মণবাড়িয়ায় এনে কসবা থানায় হস্তান্তর করা হয়।














































































