সাতক্ষীরার কলারোয়ায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক আসাদুজ্জামান দৈনিক বাংলার দূত পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও দৈনিক সমতট নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। তিনি কলারোয়া পৌরসভার তুলসিডাঙ্গা এলাকার বাসিন্দা।
আসাদুজ্জামান জানান, আজ দুপুর ১২টার দিকে তিনি কলারোয়া প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কলারোয়া পৌর বিএনপির সহসভাপতি আখলাকুর রহমানের নেতৃত্বে কয়েকজন তাঁর ওপর হামলা চালান। হামলাকারীদের মধ্যে আখলাকুর রহমানের ছেলে ছাত্রদল নেতা অঙ্কুর, আবিরসহ বিএনপির কর্মী সিরাজ ও আলতাফ ছিলেন বলে তিনি দাবি করেন।
তাঁরা তাঁকে মারধর করলে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে প্রেসক্লাবে এবং পরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।














































































