ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির এক নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, রুপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন শেখ (২৭)।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে ফরিদপুর হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. ফিরোজ মোল্লার সমর্থকরা এ হামলা চালায়।
অভিযুক্ত কৃষক লীগ নেতা মো. ফিরোজ মোল্লা বলেন, আমি ওই সময় গোপালগঞ্জে ছিলাম। শুনেছি মারধরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।














































































