ব্রাহ্মণবাড়িয়ায় লক্ষ্যমাত্রা পূরণের জন্য জালিয়াতি করে ভুয়া জন্ম ও মৃত্যুর নিবন্ধন সনদ তৈরির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে কেন তাঁদের চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ ছাড়া চারটি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি–১ শাখার উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত ৯টি পৃথক প্রজ্ঞাপনে ২১ এপ্রিল এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনটি গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছায়। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।














































































