বুদ্ধিজীবীদের খপ্পরে পথভ্রষ্ট হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান

বুদ্ধিজীবীদের খপ্পরে পথভ্রষ্ট হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান

দেশে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে উঠে আসা তরুণ নেতৃত্ব পরবর্তী সময়ে নানা বিতর্কের জন্ম দিয়েছে। এসবের পেছনে তথাকথিত বুদ্ধিজীবী মহলের দায় রয়েছে। নেপালের তরুণেরা একটি লক্ষ্যে স্থির ছিলেন। কিন্তু বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থান লক্ষ্য স্থির ছাড়াই তথাকথিত বুদ্ধিজীবীদের খপ্পরে পড়ে পথভ্রষ্ট হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন বক্তারা। দুপুর ১২টায় বিভাগের ইলেকশন ল্যাবের উদ্যোগে সম্মেলনকক্ষে 'দক্ষিণ এশিয়ায় জেন-জির নির্বাচনী রাজনীতি: নেপাল ও বাংলাদেশে তরুণদের ভিন্নধর্মী ফলাফল' শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম আলী রেজা বলেন, নেপালে জেন-জিদের লক্ষ্য ছিল স্থির, যার ঘাটতি বাংলাদেশে পরিলক্ষিত হয়েছে। এ ছাড়া ৫ আগস্টের পর ছাত্রনেতাদের ভূমিকা নানাবিধ বিতর্কের জন্ম দেয়, যা জাতিকে আশাহত করে। এর প্রভাব পড়ে ত্রয়োদশ নির্বাচনের ওপর। এ ছাড়া তিনি বাংলাদেশের জনগণকে 'দ্বিধাগ্রস্ত গণতন্ত্রী' হিসেবে আখ্যায়িত করেন। এসব মনস্তাত্ত্বিক, কাঠামোগতসহ আরও নানা কারণে বাংলাদেশে নেপালের মতো ফলাফল আসেনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।