চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে নিজ বাড়ির কাছেই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো দায়ের ৯ থেকে ১০টি কোপের আঘাত রয়েছে বলে চিকিৎসক ও স্বজনেরা জানিয়েছেন।
ওই ছাত্রলীগ নেতার নাম জাকারিয়া হাসান জিলহান। তিনি সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহসভাপতি। গতকাল শনিবার রাত সোয়া আটটার দিকে নিজ বাড়ি থেকে ৩০০ মিটার দূরে ৭ নম্বর ওয়ার্ডের পুরোনো ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এলাকায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।
জিলহানের স্বজনেরা জানিয়েছেন, তাঁর শরীরের ক্ষত অনেক গভীর। কোপানোর পর শরীরের অনেক স্থানের মাংসও আলাদা হয়ে যায়। ক্ষতস্থানে সেলাই দিতেও অসুবিধা হচ্ছিল চিকিৎসকদের। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতকাল দিবাগত রাত তিনটার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয় তাঁকে।














































































