প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২: ৪১ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতৃবৃন্দ ও সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড়, আলাওল হল ও নিরাপত্তা দপ্তর অতিক্রম করে পুনরায় জিরো পয়েন্টে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয়েছে।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দেশের চলমান জ্বালানি সংকট ও সরকারের সাম্প্রতিক ব্যর্থতা আড়াল করতে ছাত্রদল পরিকল্পিতভাবে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করার চেষ্টা করছে। ‘গুপ্ত’ শব্দকে ইস্যু বানিয়ে নির্দিষ্ট একটি সংগঠনকে টার্গেট করা হচ্ছে এবং এর মাধ্যমে সহিংস পরিবেশ তৈরির চেষ্টা চলছে।
এ সময় ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তারা তীব্র নিন্দা জানান। বিক্ষোভ শেষে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ছাত্রদল ‘গুপ্ত’ শব্দ প্রতিষ্ঠার রাজনীতিতে গিয়ে নিজেরাই রগ কাটার দলে পরিণত হয়েছে এবং ধীরে ধীরে ছাত্রসমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।














































































