চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল। বিভিন্ন জাতীয় ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ইস্যুকে ঘিরে সাম্প্রতিক ক্যাম্পাসে পাল্টাপাল্টি মিছিল ও কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে ছাত্রদল ও ছাত্রশিবিরকে। সম্প্রতি চট্টগ্রাম সিটি কলেজে দেয়ালে গুপ্ত লেখা ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলাকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এর জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা ও সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায়ও বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রশিবির।
ক্যাম্পাসের এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, এই অবস্থা অব্যাহত থাকলে পড়াশোনার পরিবেশ ও ব্যক্তিগত নিরাপত্তা ব্যাহত হতে পারে।














































































