চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন বর্জনের ঘোষণা জামায়াত-সমর্থক আইনজীবীদের

চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন বর্জনের ঘোষণা জামায়াত-সমর্থক আইনজীবীদের

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থক আইনজীবীরা। আজ বুধবার বিকেলে সমিতির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ, চট্টগ্রাম’। নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ তুলে তাঁরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান। একই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে দুই মাসের মধ্যে নতুন কমিশন গঠন করে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের প্রধান সমন্বয়ক শামসুল আলম। তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে একটি পক্ষকে সুবিধা দিতে কাজ করছে। এতে সমিতির দীর্ঘদিনের ঐতিহ্য ও গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় তাঁদের প্রার্থীরা বাধার মুখে পড়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, অনেককে কমিশন কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে।

লিখিত বক্তব্যে বলা হয়, ঘোষিত তফসিল অনুযায়ী ৫ মে বিকেল পাঁচটার মধ্যে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা করা হয়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়। এ ছাড়া নির্বাচন আয়োজন না করে আপসের মাধ্যমে নির্দিষ্ট প্রার্থীদের বিজয়ী ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। এতে রাজি না হওয়ায় তাঁদের প্রার্থীদের ওপর চাপ সৃষ্টি ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।