চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কারের আট দফা দাবিতে একটি হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়েছেন ওই হল সংসদের নেতারা। আজ বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক আলাওল হলে এ ঘটনা ঘটে। পরে বেলা ২টার দিকে প্রাধ্যক্ষের আশ্বাসে এ তালা খুলে দেওয়া হয়। আলাওল হল সংসদের নেতাদের অভিযোগ, তাঁরা হল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আবাসিক শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করতে চান। তবে হল প্রাধ্যক্ষের অসহযোগিতার কারণে তাঁরা কার্যকরভাবে কাজ করতে পারছেন না। বিভিন্ন সমস্যা নিয়ে একাধিকবার আলোচনা করতে চাইলেও প্রাধ্যক্ষ নানা অজুহাতে বৈঠক এড়িয়ে যাচ্ছেন। এ কারণে বাধ্য হয়ে তাঁরা তালা দিয়েছেন।
হল সংসদের নেতারা জানান, তাঁরা আট দাবিতে কার্যালয়ে তালা দিয়েছেন। এগুলো হলো, ডাইনিংয়ের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র কেনা, ক্যানটিন চালু করা, ঈদে হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন করা, মেডিসিন কর্নার স্থাপন করা, পাঠাগারে নতুন বই সংযোজন করা, হলের সিসিটিভি ক্যামেরা চালু করা, পানির ফিল্টার স্থাপন করা ও হলের কক্ষ সংস্কার করা।
জানতে চাইলে আলাওল হল সংসদের সাধারণ সম্পাদক মো. নুর নবী হাসান বলেন, নতুন হল প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমরা তাঁকে স্বাগত জানিয়েছি। সহযোগিতা করার চেষ্টাও করেছি। কিন্তু তিনি হল সংসদের সঙ্গে বসে আলোচনা করতে আগ্রহ দেখাচ্ছেন না। হলে ছোট-বড় নানা সমস্যা রয়েছে, যেগুলো নিয়ে আমরা বারবার তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছি। কিন্তু বহুবার চেষ্টা করেও তাঁর সঙ্গে বসার সুযোগ পাইনি। প্রতিবারই তিনি বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে গেছেন।














































































