জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটিতে থাকা নেতাদের একাংশ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আহ্বায়ক কমিটি ঘোষণার দেড় ঘণ্টার মাথায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনে প্রথমে চার নেতার পদত্যাগের বিষয়টি জানানো হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই চারজনসহ মোট ২২ নেতার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানানো হয়।
গতকাল রাতে সংবাদ সম্মেলনে যে চার নেতার পদত্যাগের সিদ্ধান্ত জানানো হয়, তাঁরা হলেন—কমিটির জ্যেষ্ঠ সহসাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ, মাহতাব উদ্দীন আহমদ ও দপ্তর সম্পাদক রাফসান জানি রিয়াজ। সংবাদ সম্মেলনে তাঁরা উপস্থিত ছিলেন।
এই নেতাদের দাবি, অর্থের বিনিময়ে ‘পকেট কমিটি’ দিয়ে চট্টগ্রাম নগর এনসিপির রাজনীতি ধ্বংসের পাঁয়তারার প্রতিবাদে তাঁরা গণ–পদত্যাগ করেছেন।














































































