চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন, বলেন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন, বলেন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম মহানগরীতে বৃষ্টিতে কোনো জলাবদ্ধতা হয়নি বলে দাবি করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতার খবর সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক। তিনি বলেছেন, পাঁচটি স্থানে জলজট হয়েছিল। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

উল্লেখ্য, ২৮ এপ্রিল অতিবৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থান পানিতে ডুবে যায়। বিষয়টি গত বুধবার জাতীয় সংসদে ‘পয়েন্ট অব অর্ডারে’ তুলে ধরেন বিএনপির সংসদ সদস্য সাঈদ আল নোমান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

আজ সংসদে দেওয়া বিবৃতিতে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, চট্টগ্রাম মহানগর পানির ওপর ভাসছে—এ রকম একটি বিষয় এসেছিল। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার হয়েছিল। এ বিষয়ে প্রধানমন্ত্রী তাঁর প্রশ্নোত্তরের সময় চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি গতকাল বুধবার চট্টগ্রামে সরেজমিন পরিদর্শনে যান। আজ দুপুর পর্যন্ত তিনি চট্টগ্রামে ঘুরেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।