দলীয় ব্যানারে বহিষ্কৃত নেতাকে যুবদল নেতার সংবর্ধনা

দলীয় ব্যানারে বহিষ্কৃত নেতাকে যুবদল নেতার সংবর্ধনা

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২২: ৫৫ কুমিল্লার চান্দিনা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত এক নেতাকে সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, দলীয় ব্যানার ব্যবহার করে এই সংবর্ধনার আয়োজন করেছেন নিজেও বহিষ্কৃত এক যুবদল নেতা। শনিবার চান্দিনা পৌর অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক আবুল খায়ের। সংবর্ধনা দেওয়া হয় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে, যিনি পূর্বে দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি তাকে বহিষ্কার করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়। একইভাবে, আয়োজক আবুল খায়েরকেও পূর্বে উপজেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়েছিল। এ অবস্থায় বহিষ্কৃত নেতাকে আবার দলীয় ব্যানারে সংবর্ধনা দেওয়ায় উপজেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

কুমিল্লা উত্তর জেলা যুবদল নেতা বোরহান উদ্দিন বলেন, “বহিষ্কৃত নেতা আরেক বহিষ্কৃত নেতাকে সংবর্ধনা দিতেই পারেন, কিন্তু সেখানে দলীয় ব্যানার ব্যবহার করা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।”

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।