প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না, তারপরও তিনি গণমাধ্যমে দেখছেন বিভিন্ন দল থেকে মনোনয়ন ঘোষণা করা হচ্ছে। এতে তাঁর কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
সরকার ও রাজনৈতিক দলগুলোর সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, উল্লেখ করে সিইসি নাসির উদ্দীন বলেন, অতীতে স্থানীয় সরকারের নির্বাচনে দেখা গেছে অনেক খুনের ঘটনাও ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটা মেরে দুই পাড়ায় মারামারি হয়। এখন দুই পাড়ায় যদি প্রার্থী দাঁড়ায়, তাহলে ‘কারবালা’ হয়ে যাবে।
সিইসি নাসির উদ্দীন বলেন, একটি নির্বাচন ভালো হয়েছে এর মানে এই নয় যে দেশের সব নির্বাচন ভালো হবে। তাঁরা ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চান। সত্যিকার অর্থে শতভাগ ভালো একটি স্থানীয় নির্বাচন চান।














































































