ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়েছে। দুই দিনব্যাপী এ নির্বাচনে বৃহস্পতিবারও চলবে ভোটগ্রহণ। বুধবার পছন্দের প্রার্থীকে বেছে নিতে বৃষ্টি মাথায় নিয়েই ভোট দিয়েছেন আইনজীবীরা। এদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। একই নিয়মে আগামীকালও চলবে এ ভোটগ্রহণ কার্যক্রম। এবারের ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার রয়েছে ২০ হাজার ৭শ ২৭টি। প্রথম দিনে ভোট পড়ছে ২ হাজার ৭ শত ৫৯টি। এদিকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোটাররা।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ভোট দিয়ে বের হয়ে আইনজীবী কামাল আহমেদ বলেন, নির্বাচনে চমৎকার পরিবেশ বিরাজ করছে। ভোট দিলাম। খুব ভালো লাগছে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে। এ্যাডভোকেট নিহার হোসেন জানান, নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি। তবে বৃষ্টি থাকায় বিড়ম্বনায় পড়েছি। ভোটকেন্দ্রে পৌছাতে একটু সময় লেগেছে। ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।














































































