ধর্ম মানুষকে ভালোবাসার জন্য আসেছে, যুদ্ধের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, 'আসলে ধর্ম এসেছে মানুষকে ভালো করার জন্য, ধর্ম যুদ্ধ করার জন্য নয়, ধর্ম হিংসার জন্য নয়। এই বিষয়গুলো আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে।'
শুক্রবার রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধবিহারে 'শুভ বুদ্ধপূর্ণিমা-২০২৬' উদ্যাপন অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল। এই উদ্যাপনের আয়োজন করে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন।
মানুষের কল্যাণ চাইলে ঐক্যবদ্ধ হওয়া দরকার বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, 'আমরা যাঁরা মানুষের কল্যাণে বিশ্বাস করি, আমরা যদি কল্যাণ করতে চাই, তাহলে আমাদের বোধ হয় এক হওয়া দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। হিংসাকে, যুদ্ধকে সবার না বলা উচিত। এক বাক্যে না বলা উচিত, এটা যদি আমরা করতে না পারি, তাহলে সুন্দর দেশ গঠন সম্ভব নয়।'














































































