গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই একদল শিক্ষার্থী এর বিরোধিতা করে আন্দোলন শুরু করেছে। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষকদের মধ্য থেকে কাউকে উপাচার্য নিয়োগ দেওয়া হোক। সাধারণ শিক্ষার্থীদের নামে আন্দোলন হলেও এর সঙ্গে ছাত্রশিবিরের সক্রিয় নেতা-কর্মীদের দেখা যায়।
গত রোববার নতুন উপাচার্যের ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘাতে প্রায় ২০ শিক্ষার্থী আহত হন। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি ঘোষণা করলে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমে স্থবিরতা নামে।
অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের বিরোধিতা করে শিক্ষার্থীদের একাংশ যে আন্দোলন করছে, তার যৌক্তিকতা কতটুকু? এর আগে ডুয়েটে যে সাতজন উপাচার্য দায়িত্ব পালন করেছেন, তাঁদের চারজনই অন্য বিশ্ববিদ্যালয় থেকে আসা।














































































