ডুয়েটে চলমান ভিসিবিরোধী আন্দোলন নিয়ে আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আমানুল্লাহ। তিনি জানান, ভিসি নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালের ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ বাতিল, ডুয়েটের নিজস্ব শিক্ষককে ভিসি নিয়োগ এবং রোববারের সংঘর্ষে জড়িত সবার বিচার।
পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমান উল্লাহ ও হাসানুর রহমান বলেন, ‘ডুয়েটে আগে থেকে কর্মরত একজন শিক্ষককে যথাযথ ক্রাইটেরিয়ার মধ্য দিয়েই ভিসি হিসেবে নিয়োগ দান করা হোক। আমরা আমাদের দাবিটি সুস্পষ্ট ও যৌক্তিক রাখার জন্য এটুকুতেই সীমাবদ্ধ রেখেছিলাম। শুধু তা-ই নয়, যাতে আমাদের দাবিটিকে কেউ ভুল না বোঝে বা কেউ কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা স্বার্থ খুঁজে না পায়, সে জন্য আমরা আরও সুস্পষ্টভাবে বলেছিলাম—তিনি যেকোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের হোন, যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোন, ব্যক্তিগতভাবে তিনি যেকোনো রাজনৈতিক বা অরাজনৈতিক মতাদর্শের অনুসারী হোন, আমরা সে বিষয়ে কোনো মন্তব্য করব না। আমরা শিক্ষার্থীরা নির্দিষ্ট করেও কারও নাম প্রস্তাব করব না। সরকার আমাদের শিক্ষকসমাজের সঙ্গে আলোচনা ও বিবেচনা করে যাঁকেই নিয়োগ প্রদান করবে, আমরা তা মেনে নেব।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ দাবিতে সব শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছেন। দলমত–নির্বিশেষে সবাইকে ডুয়েটের এই যৌক্তিক দাবির পক্ষে একত্র হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা উপস্থাপনের আহ্বান জানানো হয়।














































































