স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ-সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ বদলি কার্যকর করা হয়েছে। যাঁদের রদবদল ও পদায়ন করা হয়েছে, তাঁদের মধ্যে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার জিললুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি, বিশেষ শাখার ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে আরএমপির কমিশনার, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি আশিক সাঈদকে বিএমপির কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমানকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি, সিআইডির ডিআইজি আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, ডিএমপির ডিআইজি সানা শামীমুর রহমানকে সিআইডির ডিআইজি এবং সিআইডির ডিআইজি মোহাম্মদ শামসুল হককে ডিএমপির অতিরিক্ত কমিশনার।
এসপি পদমর্যাদার যে কর্মকর্তাদের বদলি করা হয়েছে, তাঁদের মধ্যে উপসচিব পদ থেকে প্রত্যাগত শাহেদুল আকবর খানকে এসবির এসপি, ১৩ এপিবিএনের এসপি এলিজা শারমীনকে পুলিশ সদর দপ্তরের এসপি, ডিএমপির উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমানকে এসবির এসপি, এপিবিএনের এসপি কাজী আখতার উল আলমকে এসবির এসপি, ডিএমপির ডিসি মোহাম্মদ মোর্শেদ আলমকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডিসি এবং ডিএমপির ডিসি মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে কেএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছে।














































































